বরগুনাতে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন / ০
বরগুনাতে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

নিজস্ব প্রতিবেদক, বরগুনা
উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে বরগুনাতে ১৭ সদস্যবিশিষ্ট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম, বরগুনা গঠন করা হয়েছে। সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় বরগুনার জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মনির হোসেন কামাল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফেরদৌসী মহুয়া, সাইদুল ইসলাম মন্টু, শফিকুল ইসলাম খোকন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত আবু জাফর সালেহ, যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোসা: লামিয়া, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির মৃধা, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোঃ নাসির মোল্লা, মিডিয়া ও যোগাযোগ সমন্বয়কারী হিসাবে কাজ করবেন হাইরাজ মাঝি, যুব সম্পৃক্ততা সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করবেন মোঃ সজিব হোসেন, নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসা: শারমিন, দপ্তর ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সোহাগ আকন, নির্বাহী সদস্য মহসিন খান। বরগুনা জেলার ৬টি উপজেলার প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটিতে তরুণ ও অগ্রজদের সমন্বয় ঘটানো হয়েছে, যাতে অভিজ্ঞতা ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা যায়। নবগঠিত জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম জন-সংগঠনের পক্ষে জননীতি প্রণয়ন, সংস্কার, সমন্বয় ও বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব ও নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি জন-মানুষের অধিকার সুরক্ষা, সরকারি সেবা নিশ্চিতকরণ এবং সরকারি নীতি বাস্তবায়নে কার্যকর অধিপরামর্শ ও প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখবে। এছাড়া অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, প্রতিবেশগত ও মানবাধিকার বিষয়ে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন; জনস্বার্থে অধিপরামর্শের সক্ষমতা ও প্রভাব বলয় বৃদ্ধির লক্ষ্যে সমমনা সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলা; এবং জনকেন্দ্রিক জলবায়ু নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নীতি-নির্ধারণী পর্যায়ে জন-সংগঠনের পক্ষে প্রতিনিধিত্ব ও নেতৃত্ব প্রদান করবে জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই ফোরাম জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদা ও অগ্রাধিকার নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, জলবায়ু ন্যায়বিচার এবং জনকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করতে ফোরামটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সভাটি সঞ্চালনা করেন লিডার্স-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।