
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার উপকূলীয় অঞ্চল বটিয়াঘাটায় এলাকায় সুপেয় পানির সংকট নিরসন এবং পানি ব্যবস্থাপনা জোরদার করার জন্য পানি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা লাইফের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে জনসাধারণের এই সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্টার প্রকল্পের টিম লিডার শারমিন আরা লিনা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বটিয়াঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। তিনি উপকূলীয় এই এলাকায় পানি সম্পর্কিত সকল সমস্যা উপজেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে উপস্থাপন করবেন বলে আশ্বস্থ করেন। তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগ এবং সঞ্চয় দিয়ে প্রতিটি পরিবার একটি বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক কিনতে পারে। এছাড়া প্রকৃতি পরিবেশ রক্ষায় তিনি সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বটিয়াঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জনাব রুনা আক্তার সুমি। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আসলাম হালদার, খন্দকার রাইসুল ইসলাম, সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব এসএম ফরিদ রানা, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় জনগণ এবং স্টার প্রকল্পের কর্মীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার প্রকল্পের প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস।
আপনার মতামত লিখুন :