
নিজস্ব প্রতিবেদক,
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে হাইকোর্ট খালাস দিয়েছেন। বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে জুবাইদা রহমানের আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। আইনজীবীদের মতে, এই রায়ের মাধ্যমে তারেক রহমান সব মামলায় খালাস পেলেন। িএর আগে, মানি লন্ডারিং মামলায় হাইকোর্টের দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় আপিল বিভাগ বাতিল করে দেয়। এতে তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দেওয়া হয়। আদালত রায়ে উল্লেখ করেন, তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও হাইকোর্ট তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন। আদালত রায়ে বলেন, মামলার দ্বিতীয় অভিযোগপত্র আইনগতভাবে গ্রহণযোগ্য নয় এবং সাক্ষ্য–প্রমাণের অভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। এই রায়গুলোর ফলে, তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলার নিষ্পত্তি হয়েছে এবং তিনি এখন মামলামুক্ত।
আপনার মতামত লিখুন :