
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জোর দিয়ে বলেছেন, কোনো ব্যক্তি যেন শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে বিচারপ্রক্রিয়ার মুখে পড়ে জীবন হারাতে না হয়, তা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে প্রমাণ হয়েছে—ন্যায়বিচার পাওয়া একজন মানুষের অধিকার, এবং তিনি সেই অধিকার অর্জন করেছেন।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর অতীত ইতিহাস ও ভূমিকা যেমন ছিল, তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা উচিত।
মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘গণতান্ত্রিক রূপান্তর : মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে সংস্কার সমন্বয় কমিটি ও জাতীয় নাগরিক পার্টি।
তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, আমাদের প্রত্যাশা থাকবে হাসিনা আমলের মতো করে নয়, বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক মান বজায় রেখে, বিচারব্যবস্থার যে ইউনিভার্সাল কোডগুলো রয়েছে, সেগুলোর ভিত্তিতেই যেন বিচার সম্পন্ন হয়।
আখতার হোসেন বলেন, বাংলাদেশে আমরা যে নতুন দিনের প্রত্যাশা করি, সেই দিনে কোনো নতুন দল বা গোষ্ঠী যেন মানবতাবিরোধী হয়ে কাউকে গণহত্যাকারী বা প্রতিবাদী হিসেবে না গড়ে তোলে। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ও ঐক্য গড়ে তুলতে হবে। বর্তমানে যে সংস্কার নিয়ে আলোচনা চলছে, অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে সেই সংস্কার সম্পন্ন করবে। আমরা মনে করি, এই কথার মাধ্যমে নির্বাচিত সরকারের ওপর সংস্কারের দায়িত্বভার অর্পণ করে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার একটি মানসিকতা তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :