বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলজুড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি, জলোচ্ছ্বাসের আশঙ্কা


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মে ২৯, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন / ০
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলজুড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি, জলোচ্ছ্বাসের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক,

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি গভীর নিম্নচাপ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (আজ) বেলা সাড়ে ৩টার দিকে এই নিম্নচাপ বাংলাদেশের উপকূল এলাকায় প্রবেশ করে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থান করছিল এবং এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া অঞ্চলের মাঝ দিয়ে উপকূল অতিক্রম করছে। ধারণা করা হচ্ছে, আজ সন্ধ্যার মধ্যেই এটি পুরোপুরি উপকূল অতিক্রম করবে এবং পরে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অমাবস্যা এবং নিম্নচাপের সম্মিলিত প্রভাবে উপকূলীয় এলাকা যেমন চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা—এবং এসব এলাকার নিকটবর্তী দ্বীপ ও চরগুলোতে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ার সময় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে ওইসব এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।