তারুণ্যের সমাবেশ কে ঘিরে জনসমুদ্রে রূপ নিয়েছে নয়াপল্টন


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মে ২৮, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন /
তারুণ্যের সমাবেশ কে ঘিরে জনসমুদ্রে রূপ নিয়েছে নয়াপল্টন

নিজস্ব প্রতিবেদক,

আজ বুধবার বেলা দুইটার কিছু আগে নয়াপল্টনে এক বিশাল সমাবেশের সূচনা হয়। এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। আয়োজকদের প্রত্যাশা, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে প্রায় ১৫ লাখ তরুণ এতে অংশ নেবেন।

সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকাগুলোতে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে জড়ো হন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি বড় মঞ্চ তৈরি করা হয়েছে, যার সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা গেছে।

স্থানীয় পর্যবেক্ষণে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসছেন। তাঁরা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি-শার্ট পরে, দলীয় স্লোগান দিয়ে পরিবেশ উদ্দীপ্ত করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন জানান, এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় তারুণ্যের সমাবেশ হয়েছে। আজকের এই পল্টনের জমায়েত সেই ধারাবাহিকতার অংশ। তিনি বলেন, “আমরা আজকের এই তারুণ্যের ঢেউয়ের মাধ্যমে একটি গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এগোচ্ছি, যার মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা — যেখানে থাকবে ভোটাধিকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার।

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ। ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন রাজধানী ঢাকায়।

আয়োজকদের ভাষ্য, তরুণদের নিয়ে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আয়োজকেরা বলছেন, তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলটির শীর্ষ নেতাদের সমাবেশে উপস্থিত থাকার কথা।