
নিজস্ব প্রতিনিধি
আগামী ৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’র নেতৃত্বে ১৫০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’র নেতৃত্বে ১৫০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত ঢাকায় সফর করবেন। এই সফরের সময় প্রতিনিধি দল বিডা আয়োজিত এক সেমিনারে অংশ নেবে এবং জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগদান করবে। পাশাপাশি তারা বাংলাদেশের বিভিন্ন ইকোনমিক জোন পরিদর্শন করবে। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা প্রতিনিধি দল ঢাকায় তাদের সফরের সময় বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনা প্রতিনিধি দল বাংলাদেশ সফরকালে দুই দেশ একটি যৌথ বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান আয়োজন করবে। সেখানে শতাধিক চীনা ও বাংলাদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করবেন এবং তারা আরও বেশি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করবেন।
আপনার মতামত লিখুন :