
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বুধবার (২১ মে) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির সমাপনী বক্তব্যে বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা যতদিন বেঁচে আছি, এই ইসি পুনর্গঠন করে ছাড়বোই।”
তিনি আরও বলেন, “আমরা কয়েকদিন আগেও মাঠে নেমেছিলাম, আমাদের একটি দাবি আদায় হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ইলেকশন কমিশন, সংবিধান এখনো নিষিদ্ধ হয়নি। আমরা সংবিধান পোড়ানোর কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশের কোনো মুজিবীয় সংবিধান থাকবে না।”
পাটওয়ারী বলেন, “২০২২-এর যে আইন রয়েছে, সেই আইনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনাররা নিয়োগ পেয়েছেন। এই নির্বাচন কমিশনের, যারা গত তিনটি নির্বাচনে ভোট ডাকাতি করেছিল, কর্মকর্তা কর্মচারী অনেকে এর সঙ্গে জড়িত ছিল। জাতীয় নাগরিক পার্টি থেকে প্রথম দাবি হলো ইসিকে পুনর্গঠন করতে হবে।”
তিনি আরও বলেন, “ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু তারা সাংবিধানিক প্রতিষ্ঠানের জায়গায় কথা না বলে, একটি নির্দিষ্ট দলের মুখপাত্রের ভূমিকা পালন করেছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার। নির্বাচন কমিশনকে যদি ঠিক করতে না পারি, ভবিষ্যতে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশা করি না। সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে।”
এই প্রসঙ্গে, পাটওয়ারী বলেন, “এই নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা হবে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন তারা সুন্দরভাবে আয়োজন করতে পারলে আমরা মনে করব, জাতীয় নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের সক্ষমতা রয়েছে।”
এনসিপি নির্বাচনী সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেছে, “পুরনো ব্যবস্থায় নির্বাচনে যেতে চাই না।”
এই বক্তব্যে, পাটওয়ারী নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো ও কার্যক্রমের প্রতি দলের অসন্তোষ এবং সংস্কারের প্রতি তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন :