
নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহা উপলক্ষে কাতারে পাঁচদিন ও আমিরাতে চারদিন ছুটি, চাঁদ দেখার পর নির্ধারিত হবে চূড়ান্ত তারিখ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাতার সরকার পাঁচদিনের ছুটি ঘোষণা করেছে। খালিজ টাইমস–এর বরাত দিয়ে জানা গেছে, ছুটির এ সময়কাল শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আরাফাতের দিন হিসেবেও পরিচিত। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় কাতারে এখনও নির্দিষ্টভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়নি।
জিলহজ মাসের চাঁদ দেখার জন্য কাতারের চাঁদ দেখা কমিটি ২৭ মে সন্ধ্যায় বৈঠকে বসবে। যদি সেদিন চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। অন্যথায়, ঈদ পালিত হবে ৭ জুন।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত চারদিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। দেশটিতে ৫ জুন আরাফাতের দিন এবং ৬ জুন ঈদুল আজহার সম্ভাব্য দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখানেও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২৮ মে হতে পারে জিলহজের প্রথম দিন। সে অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হওয়ার সম্ভাব্য তারিখ ৬ জুন।
বাংলাদেশ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করে। তাই এ বছরের ঈদুল আজহা বাংলাদেশে উদযাপিত হতে পারে ৭ বা ৮ জুন। তবে এখানেও ঈদের চূড়ান্ত দিন নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
আপনার মতামত লিখুন :