
নিজস্ব প্রতিবেদক,
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে টানা সাতদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকেরা। তবে আজ বুধবার তারা অন্যান্য দিনের মতো নগর ভবনে না গিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজধানীর মৎস্য ভবন মোড়ে। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
সকালের দিকেই হাইকোর্ট গেট, প্রেসক্লাব এবং শিক্ষা ভবনের মোড়ে সমবেত হন আন্দোলনকারীরা। পরে একত্রে মিছিল নিয়ে তারা মৎস্য ভবনের সামনে অবস্থান নেন এবং চারপাশের রাস্তাগুলো অবরোধ করেন।
অন্যদিকে, নগর ভবনের সামনে পুরো এলাকা ফাঁকা দেখা গেছে। বাইরে কোনো আন্দোলনকারী উপস্থিত না থাকলেও সিটি করপোরেশনের কর্মীরা ভবনের ভেতরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আগের দিনের মতো আজও নগর ভবনের বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে রাখা হয়েছে, যার ফলে সব ধরনের সেবা কার্যক্রম স্থগিত রয়েছে।
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে গত বুধবার থেকে শুরু হওয়া এই আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। আজ সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার বিকেলে আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান কর্মসূচি থেকে বলেন, আমরা বুধবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আবারও সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেব। একইসঙ্গে ঢাকা অচলেরও হুঁশিয়ারি দেন তিনি।
আপনার মতামত লিখুন :