
বাংলাদেশি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আজ, মঙ্গলবার (২০ মে), গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কারাগার থেকে বের হন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন।
কারামুক্তির পর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নুসরাত ফারিয়া তার পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।” তিনি আরও উল্লেখ করেন, “বিগত দুই দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো।” বিশেষ করে গণমাধ্যমকর্মীদের প্রতি তিনি ধন্যবাদ জানান।
নুসরাত ফারিয়া ২০১৫ সালে ‘আশিকি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘হিরো ৪২০’, ‘বস ২: ব্যাক টু রুল’, ‘শাহেনশাহ’, ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি তিনি ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন।
আপনার মতামত লিখুন :