
নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৫, মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে শ্রমিকরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিক, যারা প্রায় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা, সার্ভিস বেনিফিট এবং নিহত সহকর্মীর ক্ষতিপূরণ দাবিতে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধের দাবি জানাচ্ছেন।
এছাড়া, টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরাও বেতন-বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা জানান, শুধুমাত্র অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড জানুয়ারি মাসের ৭০% বকেয়া পরিশোধ করেছে; ফেব্রুয়ারি ও মার্চের বেতন বা ঈদ বোনাসের বিষয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেওয়া হয়নি। বাকি দুটি প্রতিষ্ঠান কাউকে কোনো টাকা দেয়নি।
শ্রমিকদের দাবি পূরণ না হলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :